গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ১১ অক্টোবর ২০২৬ (অ্যাকাউন্ট আর নিজের চিঠির লিংক চালু)
এই পাতায় শুধু সেটাই লেখা আছে, যা ডাকপিয়ন এখন সত্যিই করে। কিছু বদলালে এই পাতা আগে হালনাগাদ হবে।
আপনার ব্রাউজারে যা থাকে
- চিঠির খসড়া শুধু এই ব্রাউজারের localStorage-এ থাকে; সার্ভারে পাঠানো হয় না। "নতুন চিঠি শুরু করো" বা ব্রাউজারের ডেটা মুছলে খসড়াও মুছে যায়।
- আপনার পাঠানো চিঠির তালিকা ("আমার চিঠি"), প্রতিটার পুরো লিংক আর লিংক বাতিল করার গোপন টোকেন এই ব্রাউজারেই থাকে। এই ব্রাউজার যার হাতে, সে এগুলো দেখতে ও লিংক বাতিল করতে পারবে।
- থিম (দিন/রাত) localStorage-এ, আর ভাষা একটা ছোট কুকিতে (dakpion-lang) থাকে। এগুলো কাউকে শনাক্ত করে না।
আমাদের সার্ভারে যা থাকে
- শেয়ার করা প্রতিটা চিঠির জন্য: এনক্রিপ্ট করা লেখা (আপনার ব্রাউজারেই তালাবন্ধ), একটা এলোমেলো আইডি, তৈরির সময়, মেয়াদ শেষের সময়, আর বাতিল-টোকেনের hash (টোকেনটা নিজে নয়)।
- অপব্যবহার ঠেকাতে অনুরোধ গোনার হিসাব: আপনার IP ঠিকানা সরাসরি নয়, গোপন চাবি দিয়ে তৈরি একটা hash, যা এক দিনের মধ্যে মুছে যায়।
অ্যাকাউন্ট আর নিজের চিঠির লিংক
- অ্যাকাউন্ট খুললে (ঐচ্ছিক) সার্ভারে থাকে: আপনার ইমেইল ঠিকানা, লিংকের নাম (/@নাম), যে নাম দেখাতে চান, লিংক চালু না বন্ধ, আর অ্যাকাউন্ট তৈরির সময়। ইমেইল ঠিকানা কোনো পাতায় বা কাউকে দেখানো হয় না।
- সাইন ইন থাকার জন্য একটা কুকি (dakpion-session) থাকে; সার্ভারে থাকে শুধু তার hash, ৩০ দিনে মেয়াদ শেষ। সাইন-ইন লিংকের hash ২০ মিনিট পর বা ব্যবহারের সাথে সাথে মুছে যায়।
- কেউ আপনার লিংকে চিঠি পাঠালে চিঠিটা যাচাই করে ইমেইল হিসেবে আপনার ঠিকানায় পাঠানো হয়, তারপর ফেলে দেওয়া হয়। ইমেইল পাঠাতে আমরা Brevo নামের ইমেইল সেবা ব্যবহার করি; তারা আর আপনার ইমেইল সেবা নিজেদের নিয়ম অনুযায়ী কপি রাখতে পারে।
- অ্যাকাউন্ট থেকে "অ্যাকাউন্ট মুছে ফেলো" করলে অ্যাকাউন্ট, লিংক আর সব সাইন-ইন সাথে সাথে মুছে যায়।
যা কখনো রাখা হয় না
- চিঠি খোলার চাবি: এটা থাকে শুধু লিংকের # চিহ্নের পরের অংশে, যা ব্রাউজার সার্ভারে পাঠায় না। তাই আমরা আপনার চিঠি পড়তে পারি না।
- শেয়ার লিংকের চিঠির লেখা, প্রেরক বা প্রাপকের নাম খোলা অবস্থায়; আপনার আসল IP ঠিকানা; কোনো ফোন নম্বর বা পাসওয়ার্ড।
- কারও লিংক দিয়ে পাঠানো চিঠির লেখা: ডাকপিয়ন এটা ডাটাবেসে বা লগে রাখে না।
- কোনো অ্যানালিটিক্স, বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই। শুধু মোট কতটা চিঠি পাঠানো হয়েছে আর মোট কতবার সাইটে আসা হয়েছে, এই দুটো সংখ্যা গোনা হয়। কে পাঠাল বা কে এল, তা নয়।
মেয়াদ, বাতিল আর মুছে ফেলা
- লিংক তৈরির সময় আপনি মেয়াদ বেছে নেন: ৭ দিন, ৩০ দিন বা ১ বছর। মেয়াদ শেষে চিঠি আর খোলা যায় না, আর এক দিনের মধ্যে সার্ভার থেকে মুছে যায়।
- "আমার চিঠি" থেকে লিংক বাতিল করলে চিঠিটা সাথে সাথে সার্ভার থেকে মুছে যায়; এটা ফেরানো যায় না।
- হোস্টিং প্রতিষ্ঠানের ডাটাবেস ব্যাকআপে মুছে ফেলা চিঠির এনক্রিপ্ট করা অংশ কিছুদিন থেকে যেতে পারে, যতক্ষণ না সেই ব্যাকআপ নিজে থেকে বাদ পড়ে। চাবি না থাকায় সেটাও পড়া যায় না।
সীমাবদ্ধতা
- লিংকটাই চাবি: পুরো লিংক যার কাছে থাকবে, সে-ই চিঠি পড়তে পারবে। লিংক হারালে চিঠি উদ্ধার করা যাবে না।
- কোনো ওয়েবসাইটই শতভাগ নিরাপদ নয়। আক্রান্ত ডিভাইস, ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন, প্রতারণামূলক লিংক বা আক্রান্ত ওয়েবসাইট-কোড থেকে এনক্রিপশন পুরো সুরক্ষা দিতে পারে না।